গতকাল Mashuk Sumon এর পোস্ট পড়ে মন খুব বেদনাসিক্ত হল। পড়া শেষে বারবার মনে হচ্ছিলো না পড়লেই বুঝি ভালো হতো। ছেলেটার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, থাকলে নিশ্চয় আমি তাকে ফোন করে সমবেদনা জানাতাম আর বলতাম এই কলোনির মানুষ স্টিলমিল বন্ধ হবার পর থেকে বরাবরই এমন ঘটনার শিকার হয়েছে।
স্টিলমিলের কলেজ বাসের কথা মনে আছে? কলোনির অনেক অনেক সুখস্মৃতির মধ্যে কলেজ বাস অবশ্যই একটি। সেই কলেজ বাসে চড়ার জন্য একটা কার্ড ইস্যু করা হতো। সেই কার্ড খুবই হঠাৎ হঠাৎ ট্রান্সপোর্টের লোকজন চেক করার জন্য আসতেন। কলেজ বাসে বাইরের অনেক ছেলে মেয়ে আসা যাওয়া করতো, বিশেষত টিএসপি কলোনির ছাত্রছাত্রীরা। আমরা কখনোই তাদের বাইরের মানুষ হিসেবে ভাবিনি। তারা সিটে বসে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে যাচ্ছি এটা খুবই স্বাভাবিক ছিল। বরং কার্ড চেকের তোড়জোড় হলে আমাদের কার্ড ওদের হাতে দিতাম যেন ট্রান্সপোর্ট অফিসিয়ালরা ওদের নামিয়ে না দেয়। মজার বিষয় ট্রান্সপোর্ট অফিসিয়ালরাও এসব জানতেন। মানবিক কারনেই এসব ওভারলুক করে গেছেন সবসময়। আমরা কলোনি ছাড়ার দু'বছর আগে কলেজ বাস বন্ধ হয়ে যায়।